নির্বাচন: ভোটকেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, সিইসি
ডিসে 23, 2023 / GMT+6
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন যে আসন্ন নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ভেতরে কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।
এছাড়া ভোটকেন্দ্রের ভেতরে কেউ কোনো অনিয়ম, কারচুপি ও দখলদারি ও করতে পারবেন না বলে জানান তিনি।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরে প্রধান নির্বাচন কমিশনার আরো জানান যে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণা এগিয়ে যাচ্ছে। যে কোনও মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে এবং ভোটাররা নির্বিঘ্নে এবং স্বাধীন ভাবে ভোট দেবেন বলে জানান সিইসি।
আজ যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে তিনি খুলনা ও ঢাকা বিভাগের ১৩টি জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যেখানে খুলনা বিভাগের দশ জেলা সহ ঢাকা বিভাগের আওতাধীন ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি এবং দেশের আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান যে দেশের বিভিন্ন জায়গায় যেসব অপ্রীতিকর ঘটনার খবর নির্বাচন কমিশন পেয়েছে সে সকল বিষয়ে তদন্ত চলছে। এসব তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল জানান যে দেশের স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে যাতে তারা কঠোর হস্তে যেকোনো অনিয়ম বা অপরাধ প্রতিরোধ দমন করেন।
উল্লেখ্য যে তফসিল অনুযায়ী বর্তমানে দেশের নির্বাচনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন যা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি।